দেশে প্রথমবারের মতো ‘আইড্যাব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান
ঢাকা ২৯ নভেম্বর ২০২৫,
বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পের উৎকর্ষ, সৃজনশীলতা এবং পেশাদারিত্বকে স্বীকৃতি দিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘আইড্যাব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড (IEIDA) ২০২৪’। ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (IDAB)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের স্থাপত্য ও ইন্টেরিয়র খাতের সেরা উদ্ভাবকদের চারটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য স্থপতি শামসুল ওয়ারেস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিএবি (IDAB)-এর প্রেসিডেন্ট সৈয়দ কামরুল আহসান।
উদ্বোধনী বক্তব্যে আইডিএবি প্রেসিডেন্ট বলেন, "বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প এখন আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে। দেশীয় ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমাদের ডিজাইনাররা বিশ্বমানের কাজ করছেন। এই অ্যাওয়ার্ড নতুন প্রতিভা বিকাশে মাইলফলক হয়ে থাকবে।" প্রধান অতিথি আর্কিটেক্ট শামসুল ওয়ারেস তরুণ ডিজাইনারদের সৃজনশীলতার প্রশংসা করেন এবং তাদের কাজকে বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে চারটি প্রফেশনাল ক্যাটাগরিতে (রেসিডেন্স, কর্পোরেট, হসপিটালিটি এবং রিটেইল) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়:
● রেসিডেন্স ক্যাটাগরি: প্রথম পুরস্কার অর্জন করেন সারোয়াত ইকবাল টিসা, মনন বিন ইউনুস ও রাজিব আহমেদ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে সৈয়দ মাহমুদ হোসেনের টিম এবং ইরিনা খান মুমু।
● কর্পোরেট ক্যাটাগরি: এই ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন ড্যানিয়েল হক। দ্বিতীয় ও তৃতীয় হন নাজিউর ইসলাম এবং সারোয়াত ইকবাল টিসার টিম।
● হসপিটালিটি ক্যাটাগরি: প্রথম পুরস্কার জয় করেন ফাতিহা পলিন। দ্বিতীয় ও তৃতীয় হন রাফিয়া মারিয়ম আহমেদ এবং কাজি জাহিদুল ইসলাম।
● রিটেইল ক্যাটাগরি: প্রথম পুরস্কার অর্জন করেন মাহমুদুল আনোয়ার রিয়াদ। দ্বিতীয় ও তৃতীয় স্থান পান ফারহানা আলিয়া এবং রাফিয়া মারিয়ম আহমেদ।
পুরস্কার নির্বাচনের প্রক্রিয়া ও জুরি বোর্ডের মূল্যায়ন কাঠামো তুলে ধরেন অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান শফিউল ইসলাম। জুরি বোর্ডের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট ডিজাইনার নাসরিন জামির। এছাড়াও অনুষ্ঠানে স্থাপত্য ও শিক্ষা খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ এবং স্পন্সর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী শেষে জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই আয়োজনে ‘পাওয়ারড বাই’ পার্টনার হিসেবে ছিল সুইস সাসটেইনেবল বিজনেস এবং প্লাটিনাম পার্টনার হিসেবে ছিল উড টেক সলিউশন লিমিটেড। এছাড়াও সহযোগী পার্টনার হিসেবে ছিল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, গ্যাসডাম, এশিয়ান পেইন্টস এবং মার্বেল ডি কারারা লিমিটেড।